আন্তর্জাতিক

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদের ওপর ভারতের বাঁধ

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদের ওপর ভারতের বাঁধ

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সঙ্গে তীব্র কূটনৈতিক টানাপোড়েন এবং সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে অচলাবস্থার মধ্যেই লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ নির্মাণ করেছে ভারত।

শনিবার (৫ সেপ্টেম্বর) লাদাখের বৃহত্তম শহর লেহর উপসাই এলাকায় বাঁধটি নির্মাণ করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদন অনুযায়ী, প্রাকৃতিক পাথরের বড় বড় চাঁই দিয়ে বাঁধটি নির্মাণ করা হয়েছে। এতে সিমেন্ট ব্যবহার করা হয়নি। বাঁধ নির্মাণের পর ওই এলাকায় সিন্ধু নদের পানির স্তর প্রায় ১০ ফুট বেড়েছে।

নতুন বাঁধের সুফল পাচ্ছেন স্থানীয় কৃষকেরা। পানির স্তর বাড়ায় আগে পানির সংকটে চাষ করা সম্ভব হতো না, এমন কিছু জমিতেও এখন সেচ দেওয়া যাচ্ছে।

লাদাখের কৃষকেরা দীর্ঘদিন ধরেই সেচের পানির সংকটে ভুগছেন। অঞ্চলটির ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে সিন্ধু নদ বিভিন্ন গিরিখাত দিয়ে প্রবাহিত হওয়ায় অনেক এলাকায় পানির স্তর নিচে থাকে। শুষ্ক মৌসুমে পানির স্তর এতটাই কমে যায় যে পাম্প দিয়েও অনেক সময় নদী থেকে পানি তোলা সম্ভব হয় না।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বাঁধে প্রায় ৪ কোটি লিটার পানি ধরে রাখা সম্ভব হয়েছে। পরে ইগু ফে খালসহ স্থানীয় বিভিন্ন খালের মাধ্যমে সেই পানি অপেক্ষাকৃত শুষ্ক ও অনাবাদি কৃষিজমিতে পৌঁছে দেওয়া হচ্ছে।

ভারত-পাকিস্তানের মধ্যে সিন্ধুর পানি নিয়ে উত্তেজনা নতুন মাত্রা পায় ২০২৫ সালের পেহেলগাম সন্ত্রাসী হামলার পর। ওই হামলার পর ভারত ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করে। চুক্তিটি এখনো স্থগিত রয়েছে।

চুক্তি স্থগিতের পর সিন্ধু নদের পানি ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত রয়েছে। এর মধ্যেই লাদাখে সিন্ধু নদের ওপর এই বাঁধ নির্মাণ নতুন করে আলোচনায় এসেছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বাঁধটিকে ওই অঞ্চলে সিন্ধু নদের ওপর নির্মিত প্রথম বাঁধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিষয়:পানির স্তরবাঁধ নির্মাণভারতলাদাখসিন্ধু নদ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…