অ্যাডিলেড টেস্টে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন ট্র্যাভিস হেড। গোলাপি বলে তার দ্রুততম সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় লিড পেয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে প্রথম ইনিংসের মতো আবারও ব্যর্থ সফরকারী দল। তাতে ২৯ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করেছে ভারত।
টসে জিতে আগে ব্যাটে নামা ভারত ৪৪.১ ওভার ব্যাট করে ১৮০ রানে গুটিয়ে যায়। জবাবে ট্র্যাভিস হেডের ১৪০ রানের দুর্দান্ত এক ইনিংসে ৮৭.৩ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ৩৩৭ রানে থামে অস্ট্রেলিয়া। ১৫৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ১২৮ রানে ৫ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করে রোহিত শর্মার দল।
দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ১২ রানেই পতন হয় প্রথম উইকেটের। সাত রান করে প্যাট কামিন্সের শিকার হন লোকেশ রাহুল। আরেক ওপেনার যশস্বী জয়সওয়াল স্কট বোল্যান্ডের শিকারে পরিণত হওয়ার আগে করেন ২৪ রান। শুভমান গিল বিদায় নেন ২৮ রানে। তাকে বোল্ড করেন মিচেল স্টার্ক। বিরাট কোহলির ব্যাটও হাসেনি। প্রথম ইনিংসে ৭ রানে আউট হওয়ার পর এবার তিনি ফেরেন ১১ রানে।
আর আগের ইনিংসে ৩ রান করা রোহিত ফেরেন কামিন্সের বলে বোল্ড হয়ে। এবার তার ব্যাট থেকে আসে ৬ রান। তবে ২৮ রানে রিশভ পান্ট ও ১৫ রানে নীতীশ কুমার রেড্ডি অপরাজিত আছেন।
অস্ট্রেলিয়ার পক্ষে এখন পর্যন্ত দুটি করে উইকেট শিকার করেছেন প্যাট কামিন্স ও বোল্যান্ড। আর মিচেল স্টার্ক নিয়েছেন এক উইকেট।
এর আগে অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে শনিবার ৩৩ ওভারে ১ উইকেটে ৮৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের শুরুতেই তারা হারায় নাথান ম্যাকসুয়েনির উইকেট। ১০৯ বলে ৩৯ রানে থামেন তিনি। ক্রিজে নেমে ১১ বল মোকাবিলায় ২ রান করে আউট হন স্টিভেন স্মিথ।
তবে ফিফটি হাঁকিয়ে নেন গত দিন অপরাজিত থাকা মার্নাস লাবুশেন। ১২৬ বলে ৯ চারের মারে ৬৪ রান আসে তার ব্যাট থেকে। এরপর দৃশ্যপটে হাজির হন হেড। একাই ক্রিজের আধিপত্য নিয়ে ভারতীয় বোলারদের তুলোধুনো করতে থাকেন তিনি।
গোলাপি বলের টেস্টে দ্রুততম শতরান তুলে নেন হেড। ১১১ বলে ১০ চার ও ৩ ছক্কায় সেঞ্চুরি হাঁকান বাঁহাতি ব্যাটার। গোলাপি বলে এর আগে দ্রুততম রেকর্ডটিও ছিল তার। ২০২২ সালে হোবার্টে ইংল্যান্ডের বিপক্ষে ১১২ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
শেষপর্যন্ত ১৪১ বলে ১৪০ রান করা হেড থামেন মোহাম্মদ সিরাজ বলে। ততক্ষণে আরও ৭টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। তাতে অস্ট্রেলিয়াও পেয়ে যায় বড় লিড। তার পরের ব্যাটাররা তেমন একটা জ্বলে উঠতে পারেননি। তাতে ৩৩৭ রানে থামে স্বাগতিকদের প্রথম ইনিংস।









