জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এক স্বৈরাচার সরিয়ে নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে চাই না, সেজন্য আমরা গণঅভ্যুত্থান করিনি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী-২ (পলাশ) আসনের ঘোড়াশালে এনসিপি ও এগারো দলীয় জোটের এক নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, একটি দল জাতির সাথে প্রতারণা করে সংস্কার চাচ্ছে না। লুটপাট ও অর্থ পাচারের পরিকল্পনা করা হচ্ছে। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। অর্থনীতি চাঙা করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে।
এর আগে, দুবৃত্তদের রাজনীতি ধ্বংস করতে হবে ৷ চাঁদাবাজির রাজনীতির কাছে সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে। বিএনপির নানাবিধ সমালোচনা করে তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে শাপলা কলির পক্ষে এবং হ্যাঁ ভোটের পক্ষে তিনি সমর্থন প্রত্যাশা করেন।
এসময়, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া, নরসিংদী-২ (পলাশ) আসনের প্রার্থী সারোয়ার তুষারসহ স্থানীয় ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷
আসিফ মাহমুদ তার বক্তব্যে বলেন, একটি দল নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে সহিংস রূপ ধারণ করছে। তারা হত্যা, চাঁদাবাজি এবং আওয়ামী লীগ গত ১৭ বছরে যে অভিজ্ঞতা দিয়েছে বিগত ১৭ মাসে তারা সে ধরনের অভিজ্ঞতা দিয়ে যাচ্ছে।
তিনি বলেন, আমরা আওয়ামী লীগকে বিতাড়িত করেছিলাম তাদের কর্মের জন্য। আবারও নির্বাচনকে কেন্দ্র করে জুলাই গণঅভ্যুত্থানের সকল শক্তি ১১টি দল ঐক্যবদ্ধ হয়েছি। যারা আবারও আওয়ামীলীগ হতে চায়, যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে কথা বলে আমরা ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করবো।









