ঘূর্ণিঝড় রিমালে অন্যান্য সবকিছুর সাথে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের স্থাপনা। ছিঁড়ে গেছে কয়েক হাজার কিলোমিটার বৈদ্যুতিক তার।
হেলে পড়েছে বা ভেঙে গেছে প্রায় ৪ হাজার বৈদ্যুতিক খুঁটি। উপকেন্দ্র, বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমার আর তার ছিড়েছে বিপুল পরিমাণে। যার আর্থিক মূল্য শত কোটি টাকা ছাড়িয়েছে।
বিদ্যুৎহীন ছিল তিন কোটির বেশি গ্রাহক। এসব ধ্বংসযজ্ঞ মেরামত করে প্রায় ৯০ ভাগ গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌঁছাতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ। সব মিলে প্রাথমিক হিসেবে ১০০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডর (বিআরইবি) সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী মো. আব্দুর রউফ মিয়া বলেন, ৩০ হাজার জনবল উপকূলে একসাথে কাজ করে বিদ্যুৎ সরবরাহ প্রায়ই স্বাভাবিক করে এনেছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও কয়েক দিন লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।








