পারিবারিক কলহের জেরে গৃহবধূ খুন

গৃহবধূ হত্যার ঘটনাস্থলে স্থানীয় মানুষজন ও পুলিশ উপস্থিত, প্রতিবাদ ও তদন্ত চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে লাভলী আক্তার (৩০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ ওঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
রবিবার ভোরে উপজেলার মাহমুদপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই নিহতের স্বামীসহ শ্বশুর বাড়ির লোকেরা সবাই পলাতক রয়েছে।
নিহত লাভলী আক্তার (৩০) রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের আমান উল্লাহর মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম সুজন মিয়া (৩৫)। তিনি একই উপজেলার মাহমুদপুর এলাকার মুজিবর রহমানের ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, বিভিন্ন বিষয়ে লাভলী আক্তারের সাথে প্রায়ই ঝগড়া হতো তার শ্বশুর বাড়ির লোকদের। শনিবার দিবাগত রাত ১ টার দিকে কয়েক দফা ঝগড়া হয়ে তাদের। পরে, সকালে লাভলী আক্তারের শোবার ঘরে গলা ও শরীরে ছুরির আঘাতপ্রাপ্ত অবস্থায় লাভলীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এই ঘটনার পর থেকেই লাভলী আক্তারের স্বামী সুজন মিয়াসহ শ্বশুর বাড়ির সবাই পলাতক রয়েছে এবং পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে দাবী করছে পুলিশ।






