রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম পাড়ে সড়ক অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। অবরোধ প্রত্যাহারের পর সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার ১৪ আগস্ট শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে শিক্ষার্থীরা সকাল সাড়ে ১১টা থেকে সেতু ব্লকেট কর্মসূচি পালন করেন। তারা ব্যানার প্রদর্শন করে এবং দাবিস্বরূপ শ্লোগান দেন। এ সময় যমুনা সেতু দিয়ে সকল ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা ব্লকেট থেকে অবিলম্বে শাহজাদপুরের বুড়ি পোতাজিয়া মৌজার রাউতারা এলাকায় রবীন্দ্র জমিদারীর সম্পত্তিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানান। পাশাপাশি তারা ক্যাম্পাস নির্মাণে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সতর্কবার্তা দেন।
কয়েকদিন ধরেই শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন, মানববন্ধন ও সড়ক অবরোধের মাধ্যমে স্থায়ী ক্যাম্পাসের দাবি জানাচ্ছেন। ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও এখনও সরকার স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করেনি।
শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন সচেতন নাগরিক ফোরাম এবং শিক্ষাবিদ প্রফেসর নাছিম উদ্দিন মালিথা পরিষদ। শিক্ষার্থীরা আগামী ১৭ আগস্ট একনেকে ডিপিপি পাস হওয়ার আল্টিমেটামের পর বেলা সোয়া ১টার দিকে অবরোধ প্রত্যাহার করেন।








