রাজধানী ঢাকায় বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। সকাল ৭টা থেকে শুরু হওয়া এই বৃষ্টি ক্রমেই তীব্র আকার ধারণ করে, ফলে অফিসগামী মানুষ ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের পড়তে হয় চরম ভোগান্তিতে।
প্রতিদিনের মতো আজও সকালেই ঘুম ভাঙে নগরবাসীর। তবে দিনের শুরুটা হয় বৃষ্টি দিয়ে। বৃষ্টির ফলে গরম কমে গেলেও অনেক এলাকায় পানি জমে বাড়িয়েছে দুর্ভোগ। বিশেষ করে মিরপুর, মোহাম্মদপুর, তেজগাও, ধানমন্ডি, পুরান ঢাকা, বাড্ডাসহ অনেক এলাকায় রাস্তায় পানি জমে যায়।
পানি জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় যান চলাচলে ব্যাঘাত ঘটে। বাস, সিএনজি, রিকশা চলাচলে বাধা সৃষ্টি হয়। যানজটে আটকে থাকেন যাত্রীরা।
মিরপুর থেকে অফিসগামী যাত্রী নাসরিন সুলতানা বলেন, সকাল সাড়ে ৭টায় বাসা থেকে বের হয়েই দেখি বৃষ্টি। রিকশায় বাসস্ট্যান্ড পর্যন্ত আসতেই দেরি হয়ে গেছে। পানি জমে গেছে। ভিজে গেছি। রাস্তা পানিতে তলিয়ে ছিল, রিকশাও পাওয়া যাচ্ছিল না ঠিক মত।
অনেক স্কুলে আজ সকালে পরীক্ষা ছিল। বৃষ্টির কারণে অভিভাবকরা বাচ্চাদের নিয়ে পড়েন চরম দুশ্চিন্তায়। অনেক শিক্ষার্থী ভিজেই পৌঁছায় স্কুলে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাগরে লঘুচাপেত প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। আরও দুই-তিন দিন এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে তা ধীরে ধীরে হালকা হবে বলে আশা করা হচ্ছে।









