দেশে একই সময়ে তাপপ্রবাহ ও আংশিক বৃষ্টি বলয়ের প্রভাবে একটি বৈচিত্র্যময় আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে। ‘দহন’ নামে তাপপ্রবাহ এবং ‘ঝংকার’ নামে বৃষ্টি বলয়ের যুগপৎ প্রভাব ১২ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আজ (১৩ এপ্রিল) সোমবার রাতে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি) তাদের ফেসবুক পেজে জানিয়েছে, তাপপ্রবাহ দহন দেশের খুলনা বিভাগের অধিকাংশ এলাকা এবং রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের বেশ কিছু জেলায় বেশি প্রভাব ফেলবে। এসব অঞ্চলে তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
বিশেষ করে পূর্বাভাস অনুযায়ী, ১৪ থেকে ১৭ এপ্রিলের মধ্যে চুয়াডাঙ্গা, যশোর, মেহেরপুর ও রাজশাহীতে তাপমাত্রা সাময়িকভাবে ৪০ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, যা তীব্র তাপপ্রবাহের রূপ নিতে পারে। এ সময় বৃষ্টি তুলনামূলক কম হলেও কোথাও কোথাও আকস্মিক বজ্রসহ বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, ঝংকার নামের আংশিক বৃষ্টি বলয় ১৩ এপ্রিল থেকে কার্যকর হয়ে দেশের প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ এলাকায় প্রভাব ফেলবে। এটি একটি প্রাক-মৌসুমী বৃষ্টি বলয়, যার সবচেয়ে বেশি সক্রিয়তা দেখা যাবে সিলেট বিভাগে। সেখানে সর্বোচ্চ ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ময়মনসিংহ ও রংপুর বিভাগে মাঝারি, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে তুলনামূলক কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
খুলনা ও বরিশাল বিভাগে এই বলয়ের প্রভাব খুবই সীমিত থাকতে পারে। এই সময় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি, ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে। অধিকাংশ সময় আকাশ আংশিক মেঘমুক্ত থাকলেও রাতের দিকে বা স্বল্প সময়ের জন্য বৃষ্টির প্রবণতা বেশি থাকবে।
আবহাওয়াবিদরা জানান, দেশের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ এলাকায় তাপপ্রবাহ সক্রিয় থাকায় দিনের বেলায় গরমের তীব্রতা বেশি অনুভূত হবে। তবে যেসব এলাকায় বৃষ্টি হবে, সেখানে রাতের আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক থাকতে পারে। সিলেট অঞ্চলে টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা ও পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে।
বিভাগভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, সিলেটে প্রায় ১৫০ মিলিমিটার বৃষ্টি হতে পারে (প্রায় ৯ দিন), ময়মনসিংহে ৭০ মিলিমিটার (৫ দিন), ঢাকায় ৩০ মিলিমিটার (৩ দিন), রংপুরে ২০ মিলিমিটার (৩ দিন), রাজশাহী ও চট্টগ্রামে ৫ মিলিমিটার (১-২ দিন) এবং খুলনা ও বরিশালে ১-২ মিলিমিটার (১-২ দিন) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।







