ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ কয়েক মৌসুমে একক আধিপত্য দেখাচ্ছে ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমেও অপ্রতিরোধ্য পেপ গার্দিওলার দল। ‘গোলমেশিন’ খ্যাত আর্লিং হালান্ডের দুর্দান্ত পারফরম্যান্সে টানা চার ম্যাচে জয় তুলেছে তারা। গার্দিওলার মতে, সেরা ছন্দে আছেন নরওয়ের তারকা ফরোয়ার্ড।
ইংলিশ প্রিমিয়ার লিগে আগের দুম্যাচে হ্যাটট্রিক করা হালান্ড শনিবার রাতের ম্যাচে করেছেন জোড়া গোল। তার নৈপুণ্যে শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারিয়েছে ম্যানসিটি।
শেষে স্পেনিয়ার্ড কোচ গার্দিওলা বলেছেন, ‘বলব সে সেরা ছন্দে আছে, যদিও মাত্রই লিগের চারটি ম্যাচ হয়েছে, বেশি খেলা হয়নি। সে যদি খেলার জন্য প্রস্তুত না থাকত, তাহলে আমাকে বলত। সে অবিশ্বাস্য এক অস্ত্র। অবশ্যই, জীবনের এই কঠিন মুহূর্তে খেলাটা কঠিন। আমরা এখানে দলের সবার খেয়াল রাখার চেষ্টা করি এবং কেউ কোনো সমস্যায় থাকলে আমরা তার পাশে থাকি।’
গত সপ্তাহে খুব কাছের এক পারিবারিক বন্ধুকে হারিয়েছেন হালান্ড। মৃত্যুশোক সামলে ম্যাচে খেলতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা ছিল। শেষপর্যন্ত মাঠে নেমে জয় এনে দিয়েছেন। ৫৩ বর্ষী গার্দিওলা বলছেন, ‘সবসময় দৃঢ় থাকতে হবে। যদি কোনো আঘাত আসে, তাহলে হয়ত ৯০ মিনিটের জন্য ব্যক্তিগত জীবন ভুলে থাকতে হবে।’









