আন্তর্জাতিক

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে যাওয়ার ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় অনিশ্চয়তা এবং সুদের হার বৃদ্ধির আশঙ্কার মধ্যে বিশ্ববাজারে আবারও স্বর্ণের দাম কমেছে।

শুক্রবার ৫ জুন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্পট স্বর্ণের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৪৫২ দশমিক ২০ ডলারে দাঁড়িয়েছে এবং সপ্তাহজুড়ে এখন পর্যন্ত এর দাম প্রায় ১ দশমিক ৮ শতাংশ কমেছে। এছাড়া আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ০ দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ৪৭৮ দশমিক ৫০ ডলারে নেমেছে।

এবিসি রিফাইনারির গ্লোবাল হেড অব ইনস্টিটিউশনাল মার্কেটস নিকোলাস ফ্র্যাপেল বলেন, ইরান-সংক্রান্ত সমাধান নিয়ে অনিশ্চয়তা নেতিবাচক প্রভাব ফেলছে স্বর্ণের ওপর। সুদের হার আরও কঠোর হওয়ার প্রত্যাশাও স্বর্ণের বাজারে চাপ সৃষ্টি করছে বলে জানান তিনি।

স্বর্ণ সাধারণত মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হলেও, সুদের হার বেশি থাকলে সুদবিহীন এই ধাতুর আকর্ষণ কমে যায়। সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, বছর শেষের আগে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৫১ শতাংশ হিসেবে বাজারে মূল্যায়ন করা হচ্ছে। বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের মে মাসের নন-ফার্ম পেরোলস তথ্যের দিকে নজর রাখছেন, যা ফেডের ভবিষ্যৎ মুদ্রানীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে রুপার দাম ১ দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৭২ দশমিক ৮৯ ডলার হয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৮৭৮ দশমিক ৬৮ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ২৯৮ দশমিক ৪৫ ডলারে নেমেছে। সপ্তাহজুড়ে দরপতনের প্রবণতা দেখা গেছে প্রায় সব ধাতুরই।

বিষয়:ফের কমেছেবিশ্ববাজারস্বর্ণের দাম
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…