দুদিন আগে বিশ্বজয়ী ভারতের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন গৌতম গম্ভীর। সাবেক বাঁহাতি ব্যাটারের প্রথম পরীক্ষার সূচি জানাল বিসিসিআই। এ মাসের শেষ সপ্তাহে সাদা বলের দুই সংস্করণের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে ভারত। লঙ্কা সফর দিয়ে শুরু হচ্ছে কোচ গম্ভীরের অধ্যায়।
তিন বছর পর শ্রীলঙ্কায় ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে ভারত। ২০২১ সালে সবশেষ সাদা বলের সিরিজ খেলতে লঙ্কা সফর করেছিল তারা। ওয়ানডেতে শেখর ধাওয়ানের দল ২-১ ব্যবধানে জিতে টি-টুয়েন্টিতে ২-১এ হেরে গিয়েছিল।
সফরে দুই ফরম্যাটে তিনটি করে ম্যাচ খেলবে ভারত। ২৬ জুলাই টি-টুয়েন্টি দিয়ে সিরিজ গড়াবে। ২৭ ও ২৯ জুলাই দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টি। তিন ম্যাচই পাল্লেকেলেতে। ১ আগস্ট প্রথম ওয়ানডেতে নামবে দুদল। ৪ আগস্ট দ্বিতীয় এবং ৭ আগস্ট তৃতীয় ওয়ানডে দিয়ে সফর শেষ করবে। তিন ম্যাচই কলম্বোতে।
গম্ভীরের পাশাপাশি শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ সনাৎ জয়সুরিয়ারও দায়িত্ব গ্রহণের পর প্রথম সিরিজ এটি। টি-টুয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতায় প্রধান কোচের পদ ছেড়েছেন ক্রিস সিলভারউড। গত রোববার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেয়া হয় সাবেক অধিনায়ক ও ওপেনার জয়সূরিয়াকে।
আগামী দুই সিরিজের জন্য দায়িত্বে থাকবেন ৫৫ বর্ষী সাবেক ব্যাটার। ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ খেলে ইংল্যান্ডে যাবে শ্রীলঙ্কা। এ সময়ের মধ্যে স্থায়ী কোচ খুঁজবে এসএলসি।









