আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
রোববার ১ ফেব্রুয়ারি মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এই প্রত্যাশার কথা জানান।
পররাষ্ট্র উপদেষ্টা ১৯৯১ সালের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় নির্বাচনের উদাহরণ টেনে বলেন, সে নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। আমার বিশ্বাস, ১২ তারিখের নির্বাচনে ভোটার উপস্থিতি সেই হারকেও ছাড়িয়ে যাবে।
তিনি জানান, নির্বাচনের দিন বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন সহিংসতার আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তবে এ ধরনের আশঙ্কা সত্ত্বেও দেশের মানুষ একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে বলে মন্তব্য করেন তিনি।
গণভোট প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, আগে ‘হ্যাঁ’ ভোট নিয়ে মানুষের মধ্যে কিছুটা বিভ্রান্তি ছিল। তবে বর্তমানে বড় রাজনৈতিক দলগুলো ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ায় গণভোটটি সহজেই পাস হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।









