রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় জনপ্রতি মাসিক বরাদ্দ ছয় ডলারে নামিয়ে আনার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেখান থেকে সরে এসেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। নতুন সিদ্ধান্ত অনুয়ায়ী ছয় ডলারের পরিবর্তে ১২ ডলার হচ্ছে খাদ্য সহায়তা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক এক চিঠিতে সংস্থাটি এই কথা জানায়।
প্রতিবেদনে বলা হয়, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন।
এতদিন সাড়ে ১২ ডলার করে বরাদ্দ ছিল বলেও জানান মিজানুর রহমান। ফলে এখন ৫০ সেন্ট করে বরাদ্দ কমছে। তিনি বলেন, এই ৫০ সেন্ট খাদ্য ফর্টিফাইড (পুষ্টি উপাদান যোগ) করার কাজে ব্যয় হতো, যা এখন থেকে হয়তো আর করা সম্ভব হবে না।
মিজানুর রহমান বলেন, বাংলাদেশ সরকারের কূটনৈতিক প্রচেষ্টা, জাতিসংঘ মহাসচিবের সফর- এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনায় প্রভাব রেখেছে বলে ধারণা তার।









