গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত

ছবি-আল জাজিরা
গাজা শহরে সাংবাদিকদের অবস্থানকারী একটি তাঁবুতে ইসরায়েলের হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন।
আজ (১১ আগস্ট) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন বিশিষ্ট যুদ্ধ প্রতিবেদক আনাস আল-শারিফ, মোহাম্মদ কুরাইকে, চিত্রগ্রাহক ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল এবং মুয়ামেন আলিউয়া।
আল-তাবিন স্কুলে ইসরায়েলি বোমা হামলার পরিণতি সরাসরি কাভার করার সময় আনাস আল-শারিফ সেখানে উপস্থিত ছিলেন। এই হামলাকে সাংবাদিকদের ওপর উদ্দেশ্যপ্রণোদিত হামলা হিসেবে বিবেচনা করছে আন্তর্জাতিক মহল।
অন্যদিকে, ইসরায়েলি বাহিনী গাজা সিটির দখল এবং প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ করার পরিকল্পনা ঘোষণা করায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক করেছে। বিশ্বজুড়ে এ পরিকল্পনার তীব্র সমালোচনা চলছে।
ইসরায়েলি হামলা এবং অবরোধের ফলে গাজার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। রোববার পর্যন্ত অন্তত ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে খাদ্য সংকট ও অপুষ্টির কারণে এখন পর্যন্ত ২১৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১০০ জনই শিশু।
ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদও জোরদার হয়েছে। বুয়েনোস আইরেস, লন্ডন, ইস্তাম্বুলসহ বিভিন্ন শহরে মানুষ রাস্তায় নেমে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে।







