চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরায় ইউনিটেক্সের তুলার গুদামে লাগা আগুন ২৪ ঘণ্টার বেশি সময় পরে নিয়ন্ত্রণে এসেছে। সেনা, নৌ, বিমান বাহিনী, বিজিবি এবং ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটেছিল।
আগুনের ঘটনায় স্থানীয় সরকারের উপপরিচালক ড. বদিউল আলমকে প্রধান করে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
শনিবার রাতে দীর্ঘ ১৮ ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে না আসায় যৌথ বাহিনী ১০ একর জায়গাজুড়ে থাকা বিশাল এই গুদামের চারদিকের দেয়াল ভেঙে আগুন নেভানোর কাজ শুরু করে। দুর্ঘটনাস্থলে আগুন নেভানোর জন্য পানি ছাড়া কোনো কিছু ব্যবহার করার উপায় ছিলো না। এক পর্যায়ে পানিরও সংকট দেখা দেয় বলে জানান তারা।
এর আগে শনিবার সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড, কুমিরা, আগ্রাবাদ এবং বায়েজিদ স্টেশন থেকে প্রথমে ৫টি গাড়ি গিয়ে আগুন নেভাতে শুরু করে। কিন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় দুপুর থেকে ৮টি এবং সর্বশেষ আরও ৯টি গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে
ইউনিটেক্সের ওই ফ্যাক্টরিতে ২৭০০ টন তুলা মজুদ ছিল। এ দাহ্য পদার্থের কারণে আগুন নেভানো দুরুহ হয়ে দাঁড়িয়েছিল।








