শেষ হয়েছে যুক্তরাষ্ট্রে আয়োজিত ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ। শেষ আটের লড়াইয়ে চারটি দল অর্জন করে নিয়েছে সেমিফাইনালের টিকিট। ইউরোপের তিনটি ও লাতিনের একটি ক্লাব লড়বে ফাইনালে ওঠার লড়াইয়ে। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ, প্রিমিয়ার লিগের চেলসি, লিগ ওয়ানের পিএসজি ও ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স খেলবে সেমিফাইনালে।
প্রথমবারের মতো ৩২ দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্টে কোয়ার্টার পেরিয়ে এখন শিরোপা লড়াইয়ে টিকে আছে চার ক্লাব। ১৩ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে যেকোনো একটি ক্লাবের হাতে উঠবে ক্লাব বিশ্বকাপ শিরোপা।
সেমিফাইনালের দুইটি ম্যাচও অনুষ্ঠিত হবে মেটলাইফ স্টেডিয়ামে। প্রথম ম্যাচে মঙ্গলবার রাতে মুখোমুখি হবে চেলসি ও ফ্লুমিনেন্স। দ্বিতীয় ম্যাচে বুধবার রাতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজি।
ক্লাব বিশ্বকাপে ব্রাজিল থেকে অংশ নেয় চারটি ক্লাব। চারটি ক্লাবই শেষ ষোলোতে খেলেছে। ফ্লুমিনেন্স ও পালমেইরাস শুধু শেষ আটে জায়গা হয়। আর এখন ব্রাজিলের প্রতিনিধি শুধু ফ্লুমিনেন্স।
এক নজরে কে কার প্রতিপক্ষ:
চেলসি-ফ্লুমিনেন্স ( ৯ জুলাই , রাত ১টা )
রিয়াল মাদ্রিদ-পিএসজি ( ১০ জুলাই, রাত ১টা )







