শেষবারের মতো চ্যানেল আইয়ের প্রধান কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা নায়ক ও সংসদ সদস্য ফারুক। এদিন এফডিসিতে তাকে শেষ শ্রদ্ধা জানানোর পর দুপুর পৌনে ৩টায় চ্যানেল আইয়ের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এখানে তাকে দেখতে উপস্থিত হন চিত্রনায়ক শাকিব খান, ফেরদৌস, মিশা সওদাগর, আফসানা মিমি সহ অভিনয় জগতের জনপ্রিয় তারকারা।
চ্যানেল আই কার্যালয়ের সামনে নায়ক ফারুকের আরেক দফায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এরআগে বেলা পৌনে ১২টার দিকে ফারুকের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানেই মিয়া ভাই খ্যাত এই নায়ককে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সেই অনুষ্ঠানে প্রথমেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ ও স্পিকারের পক্ষে বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য ফারুককে শ্রদ্ধা নিবেদন করা হয়। এই আনুষ্ঠানিকতায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে পুস্পস্তবক অর্পন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
বেলা ১২টা ৩৫ মিনিটে শহীদ মিনার থেকে এফডিসির উদ্দেশে রওনা হয় চিত্রনায়ক ফারুককে বহনকারী লাশবাহী অ্যাম্বুলেন্সটি। তারআগে শহীদ মিনার প্রাঙ্গণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।









