সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, ঈদের আগে দেয়া হবে ফ্যামিলি কার্ড। পরীক্ষামূলকভাবে হতদরিদ্র পরিবারগুলো প্রথমে পাবে এই কার্ড।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ফ্যামিলি কার্ড’ চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ কথা জানান তিনি।
তিনি জানান, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি, তা পরীক্ষামূলকভাবে ঈদের আগেই বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সকলকে নগদ অর্থ দেয়া হবে।
তিনি আরও জানান, শুরুতে পরীক্ষামূলক হতদরিদ্র পরিবারগুলোকে দেয়া হলেও পর্যায়ক্রমে সকল পরিবারের নারী সদস্যদেরকে এই কার্ড দেয়া হবে।
সমাজকল্যাণ মন্ত্রী জানান, অর্থমন্ত্রীকে প্রধান করে কমিটি করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি। তারপর ফ্যামিলি কার্ড দেয়ার কার্যক্রম শুরু হবে।








