‘পুষ্পা টু’ সিনেমাতে খলনায়কের চরিত্রে নজর কেড়েছিলেন দক্ষিণী সিনেমার গুণী অভিনেতা ফাহাদ ফাসিল। সেই অভিনেতাই এবার জানালেন জীবন নিয়ে এক অবাক করা সিদ্ধান্ত! যা শুনে রীতিমত চমকে গেলেন অভিনেতার অনুরাগীরা।
অভিনেতা জানান, অভিনয় ছেড়ে দেওয়ার পর দেশে থাকবেন না তিনি। বরং স্পেনের বার্সেলোনা শহরে গিয়ে ক্যাবচালক হয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবেন।
ফাহাদের কথায়, ‘আসলে এটা শুধু গাড়ি চালানো নয়, এটা আপনি কী পছন্দ করেন সেটাকে বেছে নেওয়া। আসলে আমার নিজের খুব ভালো লাগবে একটা মানুষকে তার গন্তব্যে পৌঁছে দিতে পেরে। এমন একটা জিনিস প্রত্যক্ষ করতে পারাও বড় ব্যাপার। আমি আমার স্ত্রীকে আমার এই পরিকল্পনার কথা জানিয়েছি। ওর খুব ভালো লেগেছে। আমি এভাবেই খুশি থাকতে চাই।’
ফাহাদের এই সিদ্ধান্ত অনেকটাই মিলে যায় ইরানি নির্মাতা জাফর পানাহির ‘ট্যাক্সি’ ছবির ভাবনার সঙ্গে। সেখানে বিভিন্ন মানুষকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া এবং তাদের যাপন ও কথোপকথনের চিত্র তুলে ধরা হয়। ফাহাদ তা হলে কি জীবনের অভিজ্ঞতার ঝুলি ভরতেই তেমন কিছু করার পরিকল্পনা করলেন ভাবছেন ভক্তরা।
আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার নজরকাড়া পারফরম্যান্সের মধ্যেও ‘পুষ্পা টু’-র মতো ব্লকবাস্টার সিনেমায় চোখ টেনেছিলেন ফাহাদ।
তবে শুধু পুষ্পা নয়, ‘বরাথন’, ‘কুম্বলঙ্গি নাইট্স’, ‘সুপার ডিলাক্স’, ‘ট্রান্স’, ‘জোজি’, ‘মালিক’, ‘আবেশম’ এবং ‘বোগেনভিলিয়া’র মতো একাধিক দক্ষিণী ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।









