গতমাসেই খবর এসেছিল কোচের দায়িত্ব থেকে ক্রিস্টোফ গালতিয়েরকে বরখাস্ত করছে পিএসজি। বুধবার অফিশিয়াল বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ফরাসি ক্লাবটি। গালতিয়েরকে সরানোর পর নতুন কোচ নিয়োগে সময় খুব একটা সময় নেয়নি লিগ ওয়ানের জায়ান্টরা। এমবাপেদের নতুন কোচ হিসেবে নিয়োগ দিলেন বার্সেলোনা ও স্পেনের সাবেক কোচ লুইস এনরিকেকে।
চুক্তির মেয়াদের এক বছর বাকি থাকতেই গালতিয়েরকে দায়িত্ব থেকে সরায় পিএসজি। বুধবার তা জানায় ফরাসি চ্যাম্পিয়নরা। কয়েক ঘন্টা পরই জানায় এনরিকেকে দায়িত্ব দেয়ার বিষয়টি। ক্লাবটির সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এনরিকে।
সংবাদমাধ্যমে খবর, চলতি সপ্তাহের শুরুতেই এনরিকের সঙ্গে চুক্তি সম্পন্ন করে পিএসজি। আনুষ্ঠানিকভাবে জানানোর আগে কেবল গালতিয়েরের সঙ্গে চুক্তি বাতিলের অপেক্ষায় ছিল প্যারিসের ক্লাবটি।
২০২২ কাতার বিশ্বকাপের শেষ ষোলো থেকে স্পেনের বিদায়ের পর কোচের পদ হারান এনরিকে। এরপর থেকে ছিলেন বেকার। বার্সেলোনাতে তিন বছর কোচের দায়িত্বে ছিলেন তিনি। প্রথম মৌসুমেই ‘ট্রেবল’ জেতান স্প্যানিশ জায়ান্টদের। তার অধীনে পরে আরও একবার লা লিগা, দুই বার কোপা দেল রে শিরোপা জেতে কাতালান ক্লাবটি।







