ওমানকে উড়িয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে খেলার রাস্তাটা আগের চেয়ে অনেকটা সহজ করেছে ইংল্যান্ড। ৪৮ রানের মামুলি লক্ষ্যের পিছু নেমে জস বাটলারের দল ১০১ বল হাতে রেখে গন্তব্যে পৌঁছে যায়। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বআসরে এটি সর্বাধিক বল হাতে রেখে জয়ের রেকর্ড। এদিন ১৩.২ ওভারে মাত্র ৪৭ রান তুলে গুটিয়ে যায় ওমান। জিততে ইংলিশরা খেলেছে সবে ১৯ বল, ৩.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ে নোঙর করেছে।
বাংলাদেশের মাটিতে ২০১৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে সর্বনিম্নের রেকর্ড ৩৯ রানে অলআউট করে ৯ উইকেটের সহজ জয় পেয়েছিল শ্রীলঙ্কা। চট্টগ্রামে সেই খেলায় লঙ্কানরা ৯০ বল হাতে রেখে জিতেছিল। টি-টুয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি বল হাতে রেখে জেতার সেই রেকর্ড ভেঙেছে থ্রি লায়ন্স দলটি।
দুর্দান্ত রেকর্ডটির পরের ধারাবাহিকতা এমন, চলতি বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে ৮৬ বল হাতে রেখে অস্ট্রেলিয়া, ২০২১ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ৮২ বল হাতে রেখে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ডের বিপক্ষে ৮১ বল বাকি থাকতে ভারত ও ডাচদের সঙ্গে ৭৭ বল অবশিষ্ট রেখে শ্রীলঙ্কা ম্যাচ জিতে নিয়েছিল।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এই রেকর্ডের পরিসংখ্যান অবশ্য চোখ কপালে ওঠার মতোই। ২০২৩ সালে স্পেনের বিপক্ষে ইসলে অব ম্যান ৮.৪ ওভারে মাত্র ১০ রানে অলআউট হয়। ব্যাটিংয়ে নেমে স্পেন মাত্র ২ বলে খেলা শেষ করে দেয়। ইউরোপের দেশটি ১১৮ বল হাতে রেখে ১০ উইকেটের জয় তুলেছিল।









