ফুটবল

কঠিন গ্রুপে ইংল্যান্ড: টুখেল

ইংল্যান্ডের ফুটবল কোচ টুখেল, পেশাদার ফুটবল ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ড কোচ টমাস টুখেল

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রথমবারের মত ৪৮ দেশ নিয়ে আগামী বছর জুনে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় গড়াতে চলেছে বিশ্বকাপের ২৩তম আসর। আসর সামনে রেখে শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়ে গেছে ড্র, নির্ধারিত হয়েছে গ্রুপপর্বে কে কার প্রতিপক্ষ। ইংল্যান্ডের কোচ টমাস টুখেলের মতে কঠিন গ্রুপেই পড়েছে তার দল।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারের পার্ফমিং আর্টস ইনস্টিটিউটে শুক্রবার রাতে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয়ে গেল ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠান। গ্রুপ-এল এ ইংল্যান্ডের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ঘানা এবং পানামা।

ড্র শেষে সাক্ষাৎকারে টুখেল বলেছেন, ‘কঠিন গ্রুপ, কঠিন প্রতিপক্ষ। ক্রোয়েশিয়া এবং ঘানার মতো দুই দেশ নিয়মিত বিশ্বকাপে অংশগ্রহণ করছে। শক্তিশালী দেশের সঙ্গে কঠিন একটি গ্রুপে পড়েছি। পানামা সম্পর্কে আমি এ মুহূর্তে বেশি জানি না, তবে অবশ্যই টুর্নামেন্ট শুরুর আগে আমরা তাদের সম্পর্কে জানব।’

র‍্যাঙ্কিংয়ে ৪ থাকা ইংল্যান্ডের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া র‍্যাঙ্কিংয়ে ১০ম স্থানে। বিশ্বকাপে প্রথমবার কোচিং করলেও টুখেলের আছে চ্যাম্পিয়ন্স লিগের অভিজ্ঞতা। জানালেন সেই অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগাতে চান। বলেছেন, ‘আমি শুধু চ্যাম্পিয়নস লিগে গ্রুপপর্বের অভিজ্ঞতা পেয়েছি এবং সেখানে পদ্ধতি ছিল গ্রুপটিকে সর্বোচ্চ সম্মান দেওয়া এবং গ্রুপে জিততে সব মনোযোগ রাখা। সেটি সবসময়ই কঠিন মনে হয়, যেমন এখন আমাদের গ্রুপটি কঠিন, কিন্তু আমরা আত্মবিশ্বাসী এবং প্রস্তুত থাকব যখন আমরা সেখানে পৌঁছাব।’

ক্রোয়েশিয়াকে ছোট করে দেখতে নারাজ টুখেল, ‘কাউকেই অবমূল্যায়ন করা যাবে না। অবশ্যই, ক্রোয়েশিয়া সবচেয়ে শক্তিশালী, তারা পট-২ এর সর্বোচ্চ র‍্যাংকড দল, আমাদের গ্রুপে এসেছে।’

‘ঘানা প্রতিভায় ভরপুর এবং সব সময় চমক দিতে পারে এমন দল। বিশ্বকাপে তাদের বড় ইতিহাস আছে। আর পানামাও আন্ডারডগ হিসেবে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে। কাউকে অবমূল্যায়ন করা যাবে না। প্রতিটি দলই পূর্ণ সম্মানের যোগ্য এবং আমরা তা দেখাতে পারি।’

বিষয়:ইংল্যান্ডক্রোয়েশিয়াঘানাপানামাফিফাবিশ্বকাপ-২০২৬
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…