ছেলেদের ইমার্জিং এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ওমানে গড়াতে চলা আসরটিতে উদ্বোধনী ম্যাচে হংকং ‘এ’ দলের বিপক্ষে নামবে বাংলাদেশ ‘এ’ দল।
আগামী ১৮ অক্টোবর থেকে মাসকটে ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে গড়াবে আসর। প্রথমবারের মত টি-টুয়েন্টি ফরম্যাটে লড়বে দলগুলো। আগের পাঁচ আসর ওয়ানডে ফরম্যাটে হয়েছিল।
দুই গ্রুপে ভাগ হয়ে মোট আটটি দল টুর্নামেন্টে অংশ নিবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ‘বি’ গ্রুপে লড়বে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।
উদ্বোধনী ম্যাচে হংকং ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। স্থানীয় সময় দুপুর একটায় গড়াবে লড়াই। ২০ অক্টোবর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগার যুবা দল। ২২ অক্টোবর গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে। ম্যাচ দুটি গড়াবে স্থানীয় সময় বিকেলে সাড়ে পাঁচটায়।

গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলো সেমিফাইনাল খেলবে। ২৫ অক্টোবর গড়াবে সেমির লড়াই। ২৭ অক্টোবর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের। সবশেষ আসরে ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। প্রতিযোগিতায় বাংলাদেশের সর্বোচ্চ অর্জন রানার্সআপ হওয়া। ২০১৯ আসরে মিরপুরে পাকিস্তানের কাছে ৭৭ রানে হেরে শিরোপা বঞ্চিত হয় টাইগার বাহিনী।









