যুক্তরাজ্য থেকে এসে এভারকেয়ার হাসপাতালে শাশুড়ি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখে দুপুর আড়াইটায় বাবার বাড়ি ধানমন্ডিতে গেছেন জুবাইদা রহমান। আড়াই ঘণ্টার বেশি সময় এভারকেয়ারে ছিলেন তিনি। পরে বেলা আড়াইটার দিকে হাসপাতাল ত্যাগ করেন জুবাইদা রহমান।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিএনপি মিডিয়া সেল থেকে এই তথ্য জানা গিয়েছে I
জুবাইদা রহমান লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আজ বেলা পৌনে ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। শাশুড়িকে দেখতে সেখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান তিনি। বেলা ১১টা ৫৩ মিনিটের দিকে জুবাইদা রহমান বসুন্ধরা এলাকায় হাসপাতালটিতে পৌঁছান। তাঁর আগমনকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়ার প্রস্তুতি চলছে । কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স আসেনি তবে শনিবার আসতে পারে বলে জানা গিয়েছে। বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্স করে রোববার যুক্তরাজ্য নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।









