ঈদে মুক্তির অপেক্ষায় থাকা রেদওয়ান রনি পরিচালিত ছবি ‘দম’-এর পোস্টার প্রকাশ হয়েছে। রবিবার দুপুরে প্রকাশ্যে এসেছে প্রথম অফিসিয়াল পোস্টার। যেখানে দেখা গেছে, এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা আফরান নিশোকে।
পোস্টারে জানানো হয়েছে, সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছে ‘দম’। পোস্টারে আফরান নিশোর মুখের বাম পাশ দেখানো হয়েছে। যা দেখে বোঝা যাচ্ছে তিনি বিমর্ষ লুকে! আঘাতে চোখের নিচে ক্ষত তৈরি হয়েছে। মুখ ভর্তি গোঁফ দাড়ি। যা ‘দম’-এর কনসেপ্ট সারভাইভাল গল্পের সঙ্গে বেশ সামঞ্জস্যপূর্ণ।
পোস্টারের আরেক পাশে মরুভূমি, পাহাড়ি প্রান্তরের আবহ, যেখানে একদল ঘোড়সওয়ার এবং অস্ত্রধারী সৈনিকদের দেখা যাচ্ছে, যা একটি উত্তপ্ত পরিস্থিতির ইঙ্গিত দেয়। সেখানে দেখা যাচ্ছে, ঘোড়ার পিঠে বসে আছেন নিশো। তার পিছন্দে বন্দুক তাক করে হেঁটে এগিয়ে আসছে অন্যরা।

পোস্টারটি প্রকাশ করে রেদওয়ান রনি ও আলফা আই-এর পেইজ থেকে লেখা হয়েছে, শুধু লড়াই নয়, অস্তিত্বের প্রশ্ন!
যত বাধাই আসুক, দম থাকলে ঠেকায় কে? সত্য ঘটনা অবলম্বনে রেদওয়ান রনি’র চলচ্চিত্র “দম” আসছে ঈদুল ফিতর ’২৬ এ।
‘দম’ এর বড় অংশের শুটিং কাজাখস্তানে হয়েছে। বাকি অংশের কাজ হয়েছে বাংলাদেশে। আফরান নিশো ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, পূজা চেরী, ডলি জহুর। অথিতি চরিত্রে দেখা যাবে জাহিদ হাসানকে।
যৌথভাবে ‘দম’ প্রযোজনা করছে কলকাতার এসভিএফ, বাংলাদেশের আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি। এটি নির্মাতা রেদওয়ান রনির তৃতীয় ছবির। তিনি ‘চোরাবালি’ দিয়ে প্রথম সিনেমাতেই জয় করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তারপর বানিয়েছিলেন ‘আইসক্রিম’। দমের মাধ্যমে ১০ বছর পর নির্মাতা রনি নতুন সিনেমা আনছেন।








