ফুটবল

সিমিওনের জন্য কঠিন হলেও হেরে ক্ষুব্ধ ফ্লিক

সিমিওনের জন্য কঠিন হলেও হেরে ক্ষুব্ধ ফ্লিক

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ন্যু ক্যাম্পে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরে গেছে বার্সেলোনা। গত সপ্তাহে কাতালানদের বিপক্ষে লিগে হেরেছিল ডিয়েগো সিমিওনের শিষ্যরা, এ ম্যাচও বেশ কঠিন ছিল সিমিওনের জন্য। বার্সা কোচ হ্যান্সি ফ্লিকের অনুভূতি ভিন্ন, হেরে বেশ ক্ষুব্ধ তিনি।

ম্যাচের ৪৪ মিনিটে পাউ কুবারসি ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে পরিণত হয় বার্সা। ৫৪ মিনিটে অ্যাটলেটিকো গোলরক্ষক জুয়ান মুসো পা দিয়ে মার্ক পাবিলকে বল দিলে, তিনি সেটি হাত দিয়ে ধরে খেলা শুরু করেন।

ম্যাচের পর এ বিষয় টেনে বেশ বড়া প্রতিক্রিয়া জানান ফ্লিক। বার্সার জার্মান কোচ বলেছেন, ‘জানি না সেই পরিস্থিতিতে কী হয় যখন গোলরক্ষক খেলা শুরু করে, ডিফেন্ডার হাত দিয়ে বল থামিয়ে আবার খেলা শুরু করে। আমার মতে, এটা একটা স্পষ্ট লাল কার্ড, বরং দ্বিতীয় হলুদ কার্ড এবং পেনাল্টি।’

‘ভিএআর ব্যাখ্যা করতে পারে কেন খেলাটি পর্যালোচনা করা হয়নি। বিশ্বাস করতে পারছি না যে এটা লাল কার্ড নয়। এটা ভালো লাগেনি। এটা অন্যায্য মনে হচ্ছে। আমাদের এটা মেনে নিতে হবে। আমরা আগামী মঙ্গলবার লড়াই করব।’

‘আমরা লাল কার্ড পেলাম আর সাথে সাথেই অ্যাটলেটিকোর প্রথম গোলটা চলে এলো। ভিএআর অ্যাটলেটিকোর পক্ষে খুব মনোযোগী ছিল। লোকটা (ভিএআর পর্যালোচনাকারী) একজন জার্মান, তাই জার্মানিকে ধন্যবাদ।’

ম্যাচ জিততে বেশ কষ্ট হয়েছে অ্যাটলেটিকোর, জানালেন দলটি আর্জেন্টাইন কোচ সিমিওনে। বলেছেন, ‘এটা সত্যি যে আমরা এই স্টেডিয়ামে আগে কখনও জিতিনি। এটা খুবই কঠিন ছিল। বার্সেলোনা সম্ভবত পিএসজি এবং বায়ার্ন মিউনিখের সাথে ইউরোপের সেরা দল।’

‘আমরা সম্মিলিতভাবে ভালো খেলেছি, গুরুত্বপূর্ণ মুহূর্তে তাদের চাপে ফেলেছি এবং দ্বিতীয় গোলটি আমাদের আরও নিরাপত্তা দিয়েছে। একজন বেশি খেলোয়াড় নিয়েও তাদের আরেকটু বেশি চাপে ফেলতে না পারাটা দুঃখজনক।’

আগামী সপ্তাহে মেট্রোপলিটানোতে পরের লেগে বার্সাকে আতিথেয়তা দেবে অ্যাটলেটিকো মাদ্রিদ।

বিষয়:অ্যাটলেটিকো মাদ্রিদচ্যাম্পিয়ন্স লিগডিয়েগো সিমিওনেবার্সেলোনাহ্যান্সি ফ্লিক
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…