আসছে নতুন বছর। আর সে উপলক্ষেই ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস সিজন ১৭’ তে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন বর্ষবরণ উপলক্ষে বিশেষ এপিসোড। যেখানে বিশেষ অতিথি হয়ে হাজির থাকবেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ও মিকা সিং। এছাড়া উপস্থাপনায় সালমান খান সহ তার দুই ভাই আরবাজ খান ও সোহেল খান উপস্থিত থাকবেন।
ইতোমধ্যেই সামনে এসেছে ‘বিগ বস’ এর নববর্ষ স্পেশাল শোয়ের টিজার। যেখানে বর্ষীয়ান ধর্মেন্দ্রকে ছেলে ববি দেওলের ‘অ্যানিমেল’ ছবির ভাইরাল গান ‘জামাল কুদু’তে নাচতে দেখা গেছে।
‘বিগ বস’ এর নতুন প্রমোয় দেখা গেছে, বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র বিগ বসের মঞ্চে সালমান খান, আরবাজ খান, সোহেল খান এবং অন্যান্যদের সঙ্গে একটা সুন্দর সময় কাটাচ্ছেন। যেখানে তারা সবাই মিলে ‘জামাল কুদু’ গানে নাচতে থাকেন। তবে ধর্মেন্দ্র মাথার বদলে মুখে করে কাচের গ্লাস ধরেন এবং ভারসাম্য বজায় রাখেন।
এছাড়াও তিনি নিজের হাতের তালুর উপরও কাচের গ্লাস রেখে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন। তবে সালমান এবং অন্যান্যদের মাথায় গ্লাস রেখেই ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে দেখা যায়। যদিও সালমান খুব বেশিক্ষণ মাথায় গ্লাস ধরে রাখতে পারেননি, গ্লাসটি মাটিতে পরার আগেই ভাইজান সেটা হাতে ধরে ফেলেন। আরবাজ, সোহেল খান এবং মিকা সিংও একই ভাবে চেষ্টা চালিয়ে গেছেন। পুরো শোটি যে জমে উঠতে চলেছে তা বেশ স্পষ্ট প্রমোতেই।
সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’ সিনেমা মুক্তির পর থেকেই ববি দেওলের ‘জামাল কুদু’ সিকোয়েন্সটি নেট দুনিয়ায় ভাইরাল। ফেইসবুক, ইউটিউব আর স্যোশাল মিডিয়ায় এখন কেবলমাত্র এই গানের আধিপত্য।বলিউডের প্রথাগতসুর আর কথার বাইরে অনেকটা অন্য আমেজের এই গানটি রীতিমতো ঝড় তুলেছে দর্শক শ্রোতাদের মনে।
সূত্র: হিন্দুস্থান টাইমস







