নিষেধাজ্ঞা থেকে ফেরার দিনে যেমন ছিল নাসিরের ব্যাট

ক্রিকেটার নাসির ও তার সতীর্থরা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
তথ্য গোপনের দায়ে আইসিসির নিষেধাজ্ঞায় পড়ে দীর্ঘসময় ক্রিকেটের বাইরে ছিলেন নাসির হোসেন। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই উইকেট শিকার করেছেন তারকা অলরাউন্ডার। ব্যাট হাতে তেমন কিছু অবশ্য করতে পারেননি। তার দল রূপগঞ্জ টাইগার্স জিতেছে ৮ উইকেটে।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সোমবার টসে জিতে গাজী গ্রুপ ক্রিকেটার্স ক্লাবকে আগে ব্যাটে পাঠায় রূপগঞ্জ। ৪২.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৯ রান করে গাজী গ্রুপ। জবাবে ২ উইকেট হারিয়ে ৩৩.৩ ওভারে জয়ের বন্দরে নোঙর করে রূপগঞ্জ।
১০ ওভার হাত ঘুরিয়ে নাসির রান দিয়েছেন ৩১। উইকেট শিকার করেছেন একটি। বল হাতে ভালো করলেও ব্যাট হাতে ছিলেন ব্যর্থ, করেছেন ১১ বলে ৯ রান।
২০২১ সালে আবুধাবি টি-টেন লিগে খেলতে গিয়ে উপহার পাওয়ার তথ্য গোপন করায় তাকে সবধরনের ক্রিকেট থেকে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুবছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। ২০২৪ সালের জানুয়ারিতে পাওয়া নিষেধাজ্ঞা শেষ হয়েছে। নাসিরের আবেদনের পরিপ্রেক্ষিতে তার ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা কমিয়ে আনে আইসিসি।







