চলমান কোটা আন্দোলন ইস্যুতে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার ১৭ জুলাই বেলা পৌনে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
কর্মসূচিতে শিক্ষার্থীরা কয়েকটি দাবি তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে। প্রথমত, বিশ্ববিদ্যালয়সহ সকল হল খোলা রাখতে হবে। দ্বিতীয়ত, আবাসিক হলে প্রতি কক্ষে কক্ষে প্রশাসনের অভিযান চালিয়ে ছাত্রলীগের অস্ত্র জব্দ করতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, প্রত্যেক হলের প্রাধ্যক্ষদের হলেই অবস্থান করতে হবে এবং চতুর্থত, ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে।
এর আগে, সকাল সাড়ে ১০টায় বিভিন্ন আবাসিক হল এবং মেস থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পদযাত্রা শুরু করেন। এসময় ছাত্রীদের হলে তালা দেয়ার খবর শুনে ছাত্রীহলের সামনে বিক্ষোভ শুরু করেন। পরে সকাল সোয়া ১১ টায় হল থেকে ছাত্রীরা বেড়িয়ে আসলে একযোগে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এরপর উপাচার্য বাসভবনে নেই খবরে বেলা পৌনে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের দিকে মিছিল নিয়ে অগ্রসর হন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এসময় আন্দোলনকারীরা ‘হল বন্ধ কেন? প্রশাসন জবাব চাই’, ক্যাম্পাস বন্ধ কেন? প্রশাসন জবাব চাই’, ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘ভিসি কই’, ‘দালাল, দালাল’, ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেন।









