ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনায় জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ (২৭ মে) মঙ্গলবার ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ডিবির তদন্তে সাম্য হত্যার পেছনের কারণ ও জড়িতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে মঙ্গলবার বিকেল ৪টা ৪৫ মিনিটে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিং করবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
উল্লেখ্য, গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন, ১৪ মে সাম্যের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ ও তথ্য বিশ্লেষণের ভিত্তিতে হত্যার মূল উদ্দেশ্য ও পরিকল্পনার ধরনও স্পষ্ট হয়েছে, যা বিস্তারিতভাবে তুলে ধরা হবে সংবাদ ব্রিফিংয়ে।









