৭২ ঘণ্টার মধ্যে কবি সোহেল হাসান গালিবের মুক্তির দাবি জানিয়েছেন লেখক, প্রকাশক ও সংস্কৃতিকর্মীরা।
সোমবার ১৭ ফেব্রুয়ারি বিকেলে অমর একুশে বইমেলায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের মাধ্যমে এই সময়সীমা বেঁধে দেন তারা।
কর্মসূচিতে প্রকাশক মাহাবুবুর রহমান বলেন, গালিবকে ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে আমরা আন্তর্জাতিক পর্যায়েও পিটিশন করব। কোথায় কোথায় পিটিশন করতে হয়, আমাদের জানা আছে। আমাদেরকে সংখ্যা দিয়ে বিচার করবেন না।
লেখক খালিকুজ্জামান ইলিয়াস বলেন, গালিবকে ধরে নিয়েছে পুলিশ, তাকে রিমান্ডেও নেওয়া হয়েছে। এই কর্মকাণ্ডের প্রতিবাদে আমরা আজ এখানে জড়ো হয়েছি এবং প্রতিবাদ করছি। আমরা বলছি, গালিবকে যেন অবিলম্বে ছেড়ে দেওয়া হয়।
এর আগে, ধর্মীয় অবমাননার অভিযোগে ৫৪ ধারায় গ্রেপ্তার কবি সোহেল হাসান গালিবকে সোমবার জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। গ্রেপ্তারের পরের দিন ১৪ ফেব্রুয়ারিও গালিবকে আদালতে তোলা হয়। সেদিন তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
ওই সময় গালিবের আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালত রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার সানারপাড় থেকে গালিবকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, ২০২৪ সালে প্রকাশনা প্রতিষ্ঠান উজান থেকে প্রকাশিত বইয়ে গালিবের লেখা একটি কবিতা ঘিরে সমালোচনা শুরু হয়। কবিতাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে গালিবের বিরুদ্ধে মহানবীকে ‘কটাক্ষ’ করার অভিযোগ ওঠে।









