বাংলাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে অ্যাসোসিয়েশনের সভাপতি মীর সরফত আলী সপু ও সদস্য কামরুজ্জামান রতন এমপির নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র ও শিক্ষক হিসেবে তার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, একসময় ঢাকা কলেজ দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ছিল। দেশের রাজনীতি, নেতৃত্ব, লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, প্রশাসকসহ আলোকিত মানুষ তৈরিতে এই কলেজের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা আনন্দ ও গর্ব প্রকাশ করেন। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, প্রজ্ঞা, অভিজ্ঞতা, নেতৃত্ব ও দেশপ্রেম দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকে তিনি দেশের জনগণের কল্যাণ, গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় ঐক্য ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ঢাকা কলেজের অতীতের গৌরবময় ঐতিহ্য ও উৎকর্ষ ফিরিয়ে আনতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এ সময় ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী নভেম্বর অনুষ্ঠিতব্য কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। রাষ্ট্রপতি অনুষ্ঠানে উপস্থিত থাকার আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাতে অ্যাসোসিয়েশনের সদস্যরা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান।

এ সময় রাষ্ট্রপতির সচিব ও বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনবাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতিমির্জা ফখরুল ইসলাম আলমগীর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…