ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার সেই অভিযোগের শুনানি হবে সর্বোচ্চ আদালতে।
সাবেক এই মেয়রের বিরুদ্ধে করা অভিযোগটি ‘ডিসমিস ফর ডিফল্ট’ বলে খারিজ করেছিলেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ। তবে সাবেক মেয়রের বিরুদ্ধে অভিযোগটি পুনরায় শুনানির (রেস্টর) আবেদন করলে মঙ্গলবার তা মঞ্জুর করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ। আদালতে আদালত অবমাননার অভিযোগের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহাবুব। এই আইনজীবী সাংবাদিকদের বলেন,’শেখ ফজলে নূর তাপস এক বক্তব্যে বলেছিলেন, ‘মনটা চায় আবার ইস্তফা দিয়ে ফিরে আসি। যেখানে মুগুর দেয়ার সেটাও জানি। একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম।’
মেয়র থাকাকালীন ব্যারিস্টার তাপসের দেয়া এই বক্তব্যকে আদালত অবমাননাকর উল্লেখ করে তাকে সর্বোচ্চ আদালতে তলবের নির্দেশনা চেয়ে আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ আহমদ বাদল। পরে সাবেক এই মেয়রের বিরুদ্ধে করা অভিযোগটি ‘ডিসমিস ফর ডিফল্ট’ বলে খারিজ করে দেয়া হয়।









