চুয়াডাঙ্গা

তীব্র তাপপ্রবাহ: চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস

চুয়াডাঙ্গায় তাপপ্রবাহের কারণে ধুলাবালি ও যানবাহনের চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহের কারণে ধুলাবালি ও যানবাহনের চলাচল দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। বৈশাখ মাসের শেষের দিক, তবুও কালবৈশাখী নিয়ে স্বস্তির বার্তা দিতে পারছে না চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। বরং তাপমাত্রার পারদ যে আরও উঁচুতে চড়তে পারে, তেমনই পূর্বাভাস দিল আবহাওয়া অফিস।

রোববার (১১ মে) তাপপ্রবাহের মধ্যেই চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা অতিতীব্র তাপ প্রবাহ।

যদিও শনিবার একই সময় চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারও একই সময়ে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবনে অস্বস্তি নেমে এসেছে। চরম গরম অনুভূত হওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। সাধারণ মানুষ ছাতা মাথায় অথবা রিকশায় চলাচল করছেন।

টানা তাপদাহের কারণে বেড়েছে জনজীবনে অস্বস্তি। এতে বেশি সমস্যায় পড়েছেন নিম্ন শ্রেণির খেটে-খাওয়া মানুষ। তারা এ ভ্যাপসা গরমে কাজ করতে পারছেন না। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে সূর্যের প্রখরতা ও ভ্যাপসা গরম। খুব প্রয়োজন ছাড়া মানুষ খুব একটা বাইরে বের হচ্ছেন না। ফলে দুপুরের পর থেকে সড়কগুলো এক প্রকার ফাঁকা হয়ে যাচ্ছে।

স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, রোববার বেলা ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ২৬ শতাংশ।

তিনি জানান, পশ্চিম থেকে গরম হাওয়া প্রবেশ করায় তাপমাত্রা বেড়ে গেছে। আগামী কয়েকদিন এই অবস্থা অব্যাহত থাকতে পারে। তবে ১৪ মে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে।

বিষয়:আবহাওয়া অফিসচুয়াডাঙ্গাতীব্র তাপপ্রবাহ
প্রতিবেদক

রাজীব হাসান কচি

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…