কিশোরগঞ্জের নিকলীতে পাগলা কুকুরের আক্রমণে ১২ বছর বয়সী মো. জয় নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কুর্শা গ্রামের ছোটবিল হাওরে এ ঘটনা ঘটে।
নিহত শিশু জয় কুর্শার নয়াহাটি গ্রামের মৃত জুয়েল ছেলে।
স্থানীয়রা জানান, কুর্শা গ্রামের ছোটবিল হাওরে ছেলেটি একটি হাঁসের খামারে কাজ করতে যাওয়ার সময় হঠাৎ একটি পাগলা কুকুর ছেলের উপর অতর্কিত আক্রমন করে। পরবর্তীতে স্থানীয়রা ছেলেটিকে কুকুরের কবল থেকে উদ্ধার করে দুপুর ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ কুকুরের আক্রমণে ১২ বছর বয়সী শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বাচ্চাটিকে ২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই বাচ্চার মৃত্যু হয়। মৃত অবস্থায় তাকে অবস্থায় বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে আসা হয়।









