দেশে আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সুষ্ঠু আইনী প্রক্রিয়া ও মানবাধিকার সুরক্ষায় দেশের বিচার বিভাগ দৃঢ়প্রতিজ্ঞ বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে আশ্বস্ত করেছেন প্রধান বিচারপতি।
মঙ্গলবার দুপুরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধির দল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সাথে সৈজন্য সাক্ষাত করেন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো: শফিকুল ইসলামের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সাথে সৌজন্য সাক্ষাতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক দেশের বিচার বিভাগের আধুনিকায়নে বাংলাদেশের প্রধান বিচারপতির ঘোষিত রোডম্যাপের প্রশংসা করেন এবং বিচার বিভাগের স্বাধীনতার প্রাতিষ্ঠানিকীকরণে প্রধান বিচারপতি কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের সফলতা কামনা করেন। বিশেষ করে, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, উচ্চ আদালতের বিচারক নিয়োগে স্বাধীন কমিশন গঠন দেশে সুশাসন নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবে বলে ফলকার টুর্ক আশাবাদ ব্যক্ত করেন।’

এসময় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ প্রতিনিধি দলকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সুষ্ঠু আইনী প্রক্রিয়া ও মানবাধিকারের সুরক্ষায় দেশের বিচার বিভাগ দৃঢ়প্রতিজ্ঞ বলে আশ্বাস প্রদান করেন।
প্রধান বিচারপতির সাথে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের আজকের এই সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









