ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (আইএসআরও) এর বিজ্ঞানীরা চাঁদের পৃষ্ঠে মহাকাশযানের অবতরণের আগে চন্দ্রযান-৩ এর দ্বিতীয় এবং চূড়ান্ত ডি-বুস্টিং অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
রোববার (২০ আগস্ট) সকালে এক টুইট বার্তায় ভারতীয় চন্দ্রযান-৩ এর চূড়ান্ত কক্ষপথ অবতরণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (আইএসআরও)।
চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম নিজেকে একটি কক্ষপথে স্থাপন করেছে যেখানে চাঁদের সবচেয়ে নিকটস্থ বিন্দুটি ২৫ কিলোমিটার এবং দূরবর্তী বিন্দু ১৩৪কিলোমিটার। আগামী বুধবার এই কক্ষপথ থেকেই এটি চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরু অঞ্চলে সফট-ল্যান্ডিংয়ের চেষ্টা করবে।
দ্বিতীয় এবং চূড়ান্ত ডিবুস্টিং অপারেশন সফলভাবে এলএম কক্ষপথকে ২৫ কিমি x ১৩৪ কি.মি.তে কমিয়ে দিয়েছে। চন্দ্রযানটি অভ্যন্তরীণ পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাবে এবং নির্ধারিত ল্যান্ডিং সাইটে সূর্যোদয়ের জন্য অপেক্ষা করবে।
শুক্রবার প্রথম ডি-বুস্টিং অপারেশন চলাকালীন প্রাক্তন ইসরো প্রধান কে সিভান জানিয়েছেন, চন্দ্রযান-৩ ল্যান্ডারের নকশা আগের চন্দ্রযান-২ মিশনে ব্যবহৃত ল্যান্ডারের নকশা একই রকম। নকশায় কোন পরিবর্তন নেই। চন্দ্রযান-২ থেকে পর্যবেক্ষণের ভিত্তিতে আগের মিশনে যে সমস্ত ত্রুটি হয়েছিল তা সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে অবতরণ করলে, ভারত এই কৃতিত্ব অর্জনকারী চতুর্থ ঐতিহাসিক দেশের মর্যাদা পাবে।








