সোমবার মধ্যরাতে শেষ হয়েছে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের প্রচার। আগামীকাল দুই সিটিতে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সম্পূর্ণ নির্বাচন ক্লোজড সার্কিট ক্যামেরায় পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন। কোথাও কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবে ইসি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহী ও সিলেটে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।
এবারের নির্বাচনে রাজশাহী নগরীর ৩০টি ওয়ার্ডে ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৫টি। মেয়র প্রার্থী ৩ জন। সাধারণ কাউন্সিলর পদে ১১২জন ও ১০টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার। তবে এরমধ্যে তরুণ ভোটার ৩০ হাজার।
সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডে ভোটকেন্দ্র ১৯০টি। ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন। সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭৩ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮৭ জন প্রার্থী রয়েছেন।








