ভবিষ্যদ্বাণী করে বিপাকে টিম কাহিল
ব্রাজিল চ্যাম্পিয়ন, আর্জেন্টিনাকে হারাবে অস্ট্রেলিয়া

A man with short black hair and a serious expression, possibly a sports coach or official, in a professional setting. Channel i News – চ্যানেল আই নিউজ
কাতার বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরবে ব্রাজিল—সেলেসাওদের শক্তিশালী স্কোয়াডে চোখ রাখলে হয়ত মেনে নিবেন। তাই বলে ইংল্যান্ডকে হারিয়ে দেবে কাতার! কোয়ার্টার ফাইনালের আগেই নাকি বিদায় ঘণ্টা বেজে যাবে লিওনেল মেসির আর্জেন্টিনার—তাও শেষ দুটি বিশ্বকাপে খালি হাতে ফেরা অস্ট্রেলিয়ার কাছে! এমন সব উদ্ভট ভবিষ্যদ্বাণী করে বিপাকে পড়ে গেছেন টিম কাহিল।
অস্ট্রেলিয়ার ফুটবল কিংবদন্তির উপর কার্যত চটেছেন ফুটবল ভক্তরা। বিশেষ করে ইংল্যান্ড ও আর্জেন্টিনার ভক্তরা এক হাত নিয়েছেন অজি ফুটবলের সর্বোচ্চ গোলদাতার। কেউ বলেছেন বিশ্বকাপের সবচেয়ে বাজে প্রেডিকশন যদি কিছু থাকে তাহলে কাহিল করে দিলেন। অন্য একজন জানতে চেয়েছেন, তিনি মাদক নেন কিনা।
কাতারে বৈশ্বিক মহাযজ্ঞ নিয়ে মতামত জানাতে গিয়ে কাহিল বলেছেন, ‘আশা করব অস্ট্রেলিয়া সেরাটা দেখাবে। যদি মেসিকে থামাতে পারি, তাহলে শেষ ষোলোতে আর্জেন্টিনাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যেতে পারব।’ শুধু এতটুকুই নয়। অস্ট্রেলিয়ান কিংবদন্তির মতে, পর্তুগাল, জার্মানি, স্পেন ও ইংল্যান্ডের মত দলও শেষ ষোলোর বাধা পেরোতে পারবে না।
‘রোড টু ফাইনাল’র তালিকা দেখেই বিষ্ময় জেগেছে ফুটবলপ্রেমীদের। বিশ্বকাপের গ্রুপিং ও পরের ধাপের খেলা কিভাবে হবে, তা জানা আছে কাহিলের—এমন প্রশ্ন ছুঁড়ছেন। টুইটারে এক ব্যবহারকারী কাহিলকে মাদক কম নিতে পরামর্শ দিয়েছেন। একজন সরাসরি বলেছেন, ‘মাদক নেওয়া অনেকে বেশি হয়ে যাচ্ছে।’
আরেকজন ভবিষ্যৎবাণীকে সবচেয়ে বাজে বলেছেন, ‘তিনি কী বলতে চাইছেন, আর্জেন্টিনাকে হারিয়ে দেবে অস্ট্রেলিয়া? পাগলের প্রলাপ, গ্রুপপর্ব থেকেই বাদ পড়বে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ইতিহাসের বাজে ভবিষ্যদ্বাণী সবচেয়ে উপরে থাকবে এটি।’







