বাংলাদেশ নারী জাতীয় দলের হেড কোচ পিটার বাটলার হাইলাইন ডিফেন্সে খেলিয়ে বাংলাদেশে বেশ সমালোচিত। তবে মেয়েদের এএফসি এশিয়ান কাপে বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ভিন্ন এক দলকে দেখা গিয়েছিল। রক্ষণের সাথে আক্রমণাত্মকও খেলিয়েছিলেন বাটলার। সেই ধারাই ধরে রাখতে চান এ ইংলিশ কোচ বলে জানিয়েছেন নর্থ কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে।
নর্থ কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাটলার জানান, ‘সত্যি কথা বলতে নর্থ কোরিয়া অত্যন্ত শক্তিশালী এবং টেকনিক্যালি দক্ষ একটি দল। আমরা এমন দলের মুখোমুখি হচ্ছি যারা তাদের ফিফা র্যাঙ্কিংয়ের কারণে আসরের অন্যতম ফেভারিট। তাদের বিপক্ষে জেতা কঠিন হবে।’
‘তবে খেলোয়াড়দের স্বকীয়তা বজায় রাখতে হবে এবং সমর্থকদের মন জয় করার জন্য খেলোয়াড়দের সেরাটা দেয়ার ওপর গুরুত্ব দিতে হবে। আমরা কেবল রক্ষণাত্মক খেলবো না, পার্ক দ্য বাসে আক্রমণাত্মক ফুটবলও খেলবো। বাংলাদেশ ফুটবলে একটি উদীয়মান জাতি এবং আসরে টিকে থাকার যোগ্যতা তাদের আছে। কারণ তারা ভাগ্যের জোরে নয় বরং যোগ্যতার ভিত্তিতে কোয়ালিফাই করেছে।’
বাটলার গোলকিপার মিলি আক্তার সম্পর্কে আলোচনা করতে গিয়ে রসিকতা করে বলেন, ‘তার চুল এবং গাওয়ার ক্ষমতার কারণে তাকে এলভিস প্রিসলির মত লাগে। চীনের ম্যাচের আগে মিলি প্রায় ১০০ দিন দলে সাথে কোনো ম্যাচ খেলেনি। বাংলাদেশ ফুটবলের একটি বড় সমস্যা ছেলে এবং মেয়ে উভয় স্তরেই গোলকিপিংয়ে মানের অভাব।’
মেয়েদের এএফসি এশিয়ান কাপে প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। প্রথমার্ধে দুই গোলের পর দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হজম করেনি লাল-সবুজের প্রতিনিধিরা। শুক্রবার সকাল ৮ নর্থ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।







