নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের শিবপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জয়নাল আবেদিন ফারুক জুয়া, মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখায় অপপ্রচারের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে শিবপুরে গ্রামে সালেহ আহমদের অনেক কলাগাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনার জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমাজসেবক জয়নাল আবেদিন ফারুককে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানো হয়েছে।
ক্ষতিগ্রস্ত সালেহ আহমদ জানান, জয়নাল আবেদিন ফারুকের সাথে আমার কোন দ্বন্দ্ব নেই। গাছ কে কেটেছে আমি জানি না। আমি কারও নাম বলিনি। এখন যেসব তথ্য ছড়ানো হচ্ছে এগুলো মিথ্যা ও বানোয়াট।
স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে যারা এই ঘটনা ঘটিয়েছে তদন্ত করে বিচার করতে হবে। জুয়া ও মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই একটি স্বার্থান্বেষী মহল সমাজসেবক জয়নাল আবেদিন ফারুককে বিতর্কিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা বানোয়াট অপপ্রচার করছে।
ভুক্তভোগী জয়নাল আবেদিন ফারুক জানান, গাছ কাটার ঘটনায় আমি তীব্র নিন্দা জানাই। রমজান মাসে শিবপুর জামে মসজিদে ইফতার ও মাহফিলে আমার ভাই মাদক জুয়া ও সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় স্থানীয় মাদক ব্যবসায়ীদের অপপ্রচারের শিকার আমরা। অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








