টেস্ট, ওয়ানডে, টি-টুয়েন্টি- তিন সংস্করণেই সমান কার্যকর ও সফল জাসপ্রীত বুমরাহ। সদ্য শেষ হওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফিতে আলো ছড়িয়ে সিরিজসেরার পুরস্কার পেয়েছেন ডানহাতি পেসার। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কের মতে, তিন সংস্করণ মিলিয়ে সর্বকালের সেরা পেসারটির নাম বুমরাহ।
সিডনি টেস্টে অর্থাৎ, সিরিজের শেষ টেস্টের মাঝে চোট নিয়ে মাঠ ছাড়েন বুমরাহ। এরপরও পাঁচ ম্যাচের সিরিজজুড়ে ৩২ উইকেট শিকার করেছেন। যদিও ৩-১ ব্যবধানে অজিদের সঙ্গে সিরিজ হেরে গেছে ভারত।
ফর্মের তুঙ্গে থাকা বুমরাহ প্রসঙ্গে ক্লার্ক বলেছেন, ‘সিরিজ শেষ হওয়ার পর বসে বসে তার পারফরম্যান্স নিয়ে ভাবছিলাম, আমি মনে করি সে আসলে তিনটি ফরম্যাটেই সেরা ফাস্ট বোলার।’
‘আমি অনেক দুর্দান্ত ফাস্ট বোলারকে দেখেছি, কার্টলি অ্যামব্রোস, গ্লেন ম্যাকগ্রা, টি-টুয়েন্টি ক্রিকেট খেলতে পারেননি। তাই আমি তাদের কথা বলছি না। তবে যারা তিনটি ফরম্যাটেই খেলেছেন, তাদের সম্পর্কে বলতে গেলে যেকোনো অবস্থাতেই সে দুর্দান্ত করতে পারে। যেকোনো ফরম্যাটেই এই লোকটি একজন পাগলাটে বোলার।’









