কুড়িগ্রাম

সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া দুই বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১৩ এপ্রিল) রাতে সীমান্তের শূন্যরেখায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ফেরত পাওয়া দুইজনকে কচাকাটা থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় তাদের স্বজনরাও উপস্থিত ছিলেন। ফেরত আসা ব্যক্তিরা হলেন, নাগেশ্বরী উপজেলার ডুমুরদহ গ্রামের আবদুল গফুরের ছেলে সোলাইমান সরকার (৩৪) এবং ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের কুমারটারী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সোহাগ মিয়া (২৩)।

এর আগে রোববার (১২ এপ্রিল) রাতে তারা নাগেশ্বরীর নারায়ণপুর ইউনিয়নের চৌদ্দঘড়ি এলাকার উত্তর ঝাউকুটি সীমান্ত অতিক্রম করে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকায় প্রবেশ করেন। পরে স্থানীয়রা তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে।

আটক দুইজনের পরিবারের দাবি, প্রতিকূল আবহাওয়ার কারণে তারা দিকভ্রান্ত হয়ে সীমান্ত পাড়ি দেন। বিষয়টি জানিয়ে পরিবারের পক্ষ থেকে চৌদ্দঘড়ি বিওপির সঙ্গে যোগাযোগ করা হয়।

বিজিবি জানায়, এ ঘটনায় বিএসএফকে চিঠি দেওয়া হলে সোমবার বিকেলে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আটক দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্পণ কুমার দাস জানান, বিজিবি ফেরত দেওয়া দুইজনকে থানায় সোপর্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিষয়:কুড়িগ্রামদুই বাংলাদেশিনাগেশ্বরী সীমান্তবিএসএফভারতীয় সীমান্তরক্ষী বাহিনীসীমান্তে আটক
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…