ব্রাজিলে ফুটবল ম্যাচ শেষে রাবার বুলেটে বিদ্ধ হয়েছেন দ্বিতীয় বিভাগের দল গ্রেমিও অ্যানাপলিসের গোলরক্ষক র্যামন সুজা। প্রতিপক্ষের সঙ্গে বাদানুবাদের এক পর্যায়ে খুব কাছ থেকে তাকে শ্যুট করে পুলিশ। আহত গোলরক্ষককে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনার আগে অ্যানাপলিস ২-১ গোলে হেরেছে সেন্ট্রো ওয়েস্তের কাছে।
বুধবার ব্রাজিলের দ্বিতীয় বিভাগের প্রতিযোগিতা গোইয়ানো চ্যাম্পিয়নশিপে এমন ঘটেছে। জোনাস দুয়ার্তে স্টেডিয়ামে ম্যাচশেষে বাদানুবাদ ও হাতাহাতিতে জড়ান দুদলের ফুটবলার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ দুদলকে বোঝানোর চেষ্টা করে। তার ফাঁকে অ্যানাপলিসের এক ফুটবলারকে ধাক্কা দিয়ে বসেন প্রতিপক্ষের একজন। গোলরক্ষক সুজা চড়াও হন তখন। পরিস্থিতি সামলাতে পুলিশ রাবার বুলেট ছোঁড়ে, বিদ্ধ হন সুজা।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, ‘খুব কাছ থেকে তাক করে সুজার পায়ে শট নেয় পুলিশ। বিদ্ধ হয়ে মাঠে লুটিয়ে পড়ার পর সুজাকে প্রাথমিক চিকিৎসা দেন গ্রেমিও টিম চিকিৎসক ডিয়েগো বেন্তো। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
সুজার উপর বন্দুক চালানো পুলিশকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে গ্রেমিও ক্লাব কর্তৃপক্ষ। গোইয়া রাজ্যের ক্রীড়া মন্ত্রণালয় ও প্রাদেশিক পুলিশ অবশ্য গ্রেমিওকে সেই আশ্বাস দিয়েছে।
Por esse ângulo fica mais BIZARRO ainda.
Que vergonha, que despreparo, e não é novidade. pic.twitter.com/AtV6uj4JkB
— Noite de Copa (@Noitedecopa) July 11, 2024
রাজ্যটির ক্রীড়া মন্ত্রণালয় বলেছে, ‘পুলিশের এ ধরনের আচরণ নিরাপত্তা নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং তাদের পক্ষ থেকে যেকাউকে শারীরিকভাবে সুরক্ষা দেয়ার নিশ্চয়তা দিতে হবে।’
পরে প্রাদেশিক পুলিশ বিবৃতিতে জানিয়েছে, ‘প্রশাসনিক সব বিধি অনুসরণ করে কঠোরতার সঙ্গে এই ঘটনা তদন্ত করা হবে। পুলিশ যথাযথ আইন মেনে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে এবং একইসঙ্গে যাতে কেউ এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না করতে পারে, এমন আদেশও দেয়া হয়েছে।’









