দুর্গাপূজা উপলক্ষ্যে এবার ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে মোট তিনটি নতুন ছবি। বহুরূপী, টেক্কা ও শাস্ত্রী। এরমধ্যে বক্স অফিসে বেশ ভালো ফল পাচ্ছে দেব ও স্বস্তিকা অভিনীত সৃজিত মুখার্জীর ‘টেক্কা’!
ছবিটি মুক্তির ছয় দিনে বক্স অফিসে আয় করেছে পৌনে তিন কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি টাকা! ‘টেক্কা’র বক্স অফিস প্রকাশ করেছেন অভিনেতা দেব নিজেই।
বিজয়ার আবহে ‘টেক্কা’র বক্স অফিস জানিয়ে সোমবার সমাজমাধ্যমে ছবির পোস্টার শেয়ার করে দেব জানান, ‘টেক্কা’ মাত্র ৬ দিনে ভারতীয় মুদ্রায় ২ কোটি ৭৫ লক্ষ টাকা আয় করেছে।
টেক্কাকে এত ভালোবাসা দেওয়ার জন্য দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনেতা লিখেছেন, ‘আমাদের ছবিকে এতটা পছন্দ করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় আমাদের ছবি মাত্র ৬ দিনে ২.৭৫ কোটি টাকা আয় করেছে। এইভাবেই আমাদের ছবিকে ভালোবাসা দিতে থাকুন, আপনাদের ভালোবাসায় এই আয় যেন আরও বাড়তে থাকে।’








