বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজে প্রথম টেস্টে ভারতের কাছে হেরেছিল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজে দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়াল স্বাগতিকরা। রোহিত-কোহলিদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে স্টার্ক-কামিন্স। অ্যাডিলেটে দিবারাত্রির টেস্টে ভারতকে ১০ উইকেটে হারিয়ে ১-১ সমতায় প্যাট কামিন্সের দল।
টসে জিতে আগে ব্যাটে নামা ভারত ৪৪.১ ওভারে ১৮০ রানে গুটিয়ে যায় প্রথম ইনিংসে। জবাবে ট্র্যাভিস হেডের ১৪০ রানের দুর্দান্ত ইনিংসে ৮৭.৩ ওভারে সব উইকেট হারিয়ে ৩৩৭ রানে থামে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ১৫৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে সব উইকেট হারিয়ে ১৭৫ রানে থামে ভারত। স্বাগতিকদের জয়ের লক্ষ্য দাঁড়ায় কেবল ১৯ রানের।
রোববার সকালে ১২৮ রানে ৫ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল রোহিত শর্মার দল। প্রথম ইনিংসের মতো ভারতের দ্বিতীয় ইনিংসেও কোনো উন্নতি ছিল না। আগেরদিনের ২৮ রানের সঙ্গে আর কোনো রান যোগ করতে পারেননি রিশভ পান্ট। দিনের শুরুতে তাকে ফেরান অজি পেসার মিচেল স্টার্ক।
এরপর অধিনায়ক প্যাট কামিন্স তুলে নেন তিন উইকেট। রবীচন্দ্রন অশ্বিন (৭) ও হার্ষিত রানাকে ফেরান শূন্য রানে। ফিফটির দিকে এগোতে থাকা নীতীশ কুমার রেড্ডিকে সাজঘরের পথ দেখান ৪২ রানে। মোহাম্মদ সিরাজ ৭ রানে আউট হলে ২ রানে অপরাজিত থাকেন জাসপ্রীত বুমরাহ। ১৮ রানের লিড পায় ভারত।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ১৪ ওভারে ৫৭ রানে ৫ উইকেট শিকার করেন কামিন্স। স্কট বোল্যান্ড ৩টি এবং স্টার্ক নেন ২ উইকেট।
১৯ রানের লক্ষ্যে নেমে দুই ওপেনার নাথান ম্যাকসুইনি ও উসমান খাজার বেগ পেতে হয়নি। ম্যাকসুইনির ১২ বলে ১০ ও খাজার ৮ বলে ৯ রানে জয়ের বন্দরে নোঙর করান প্যাট কামিন্সের দলকে।









