ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিএনপি’র বৈঠক শেষে যা জানা গেল

বৈঠকে বিএনপি ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আলোচনা করছেন, পেছনে বাংলাদেশের পতাকা ও নেতাদের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নড স্পানিয়ের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ (১৯ আগস্ট) সোমবার দলটির রাজধানীর গুলশান কার্যালয়ে বৈঠকে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বৈঠক শেষে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেছেন, সুশাসন প্রতিষ্ঠা করে কীভাবে অর্থনৈতিকভাবে এগোনো যায়, সে বিষয়ে কথা হয়েছে।
বিএনপি’র এ নেতা বলেন, বাংলাদেশের যেসব প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস হয়ে গেছে এগুলোর প্রতিকার কী, সেগুলো আবার কীভাবে সঠিক জায়গায় আনা যায় সেখানে তাদের কী সহযোগিতা থাকতে পারে, অর্থনীতির ক্ষেত্রে তারা কী ধরনের সহযোগিতা করতে পারে এসব আলোচনা হয়েছে। বিশেষ করে বড় অংশ তাদের দেশে রফতানি হয় এটাকে কীভাবে অব্যাহত রাখতে পারি, সেখানে তাদের কী করা যায়।
আমির খসরু সাংবাদিকদের জানান, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নয়নে তাদের সঙ্গে যে চুক্তি আছে সেই আর্থিক খাতে সংস্কার কী কী করা যায়, যাতে আমরা আবারও আর্থিকভাবে সঠিক জায়গায় দাঁড়াতে পারি মূলত সেসব নিয়ে আলোচনা হয়েছে।
নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, গণতন্ত্রে ফিরে আসতে তো নির্বাচন ছাড়া সুযোগ নেই। সেগুলো নিয়েও আলোচনা হয়েছে।
আগামী দিনের বাংলাদেশ, নির্বাচনসহ দেশের গণতান্ত্রিক ভবিষ্যত, বিভিন্ন খাতে সংস্কার, করণীয় এবং পাচার হওয়া অর্থ ফেরত আনা বিষয়ে বার্নড স্পানিয়ের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।
বৈঠকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নির্বাচন নিয়েও ইইউ-এর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের কথা হয়।







