অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে মালদ্বীপের বিপক্ষে লড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। হোম ও অ্যাওয়ে ম্যাচ দুটি সামনে রেখে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে দুটি ‘প্রস্তুতি’ ম্যাচ খেলবেন জামাল-মোরসালিনরা। সিলেটেই গড়াবে ম্যাচগুলো। বাফুফের ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বিষয়টি জানিয়েছেন।
২০২৬ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রথম ধাপে মালদ্বীপকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ। ১২ অক্টোবর মালদ্বীপে হবে প্রথম লেগ, ১৭ অক্টোবর ফিরতি লেগ নিজেদের মাঠে খেলবে লাল-সবুজের দল। সেপ্টেম্বরে দুটি প্রীতি ম্যাচের পাশাপাশি বিশ্বকাপ বাছাইয়ের হোম ম্যাচও সিলেটে আয়োজনের কথা ভাবছে বাফুফে।
শনিবার বাফুফের নিয়মিত সভা শেষে নাবিল আহমেদ বলেছেন, ‘সেপ্টেম্বরে আমাদের যে ফিফা উইন্ডো আছে, সেখানে ম্যাচ আয়োজনের জন্য আমরা প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত করার পথে। আফগানিস্তান, মিয়ানমার ও নেপালের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। তিনটি দলের সঙ্গে ম্যাচ খেলা হয়ত সম্ভব হবে না, একটি বা দুটি দলের সঙ্গে ম্যাচ হতে পারে।’
‘বাফুফের পরিকল্পনা ৪-১২ সেপ্টেম্বর এই উইন্ডোতে হোম ম্যাচ খেলার। আপাতত ভাবনায় আছে সিলেট ভেন্যু। কিন্তু যাদের সঙ্গে আলোচনা চলছে তারাও আমাদের খেলতে যাওয়ার আমন্ত্রণ দিয়েছে। কয়েকদিনের মধ্যেই এগুলো চূড়ান্ত হবে। বাছাইয়ের প্রথম ম্যাচটি মালদ্বীপে এবং ফিরতি পর্বের ম্যাচ বাংলাদেশে। এ ম্যাচের ভেন্যুও আপাতত সিলেট, এর বাইরে যদি কোনো বিকল্প বের হয়, সেক্ষেত্রে সেটা অবশ্যই আমরা বিবেচনায় নেব।’
ফিফা উইন্ডো ও বিশ্বকাপ বাছাই সামনে রেখে ২০ আগস্ট জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। থাইল্যান্ডে হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রস্তুতিতে অংশগ্রহণ করবে বাংলাদেশ। এ উপলক্ষে আগস্টের দ্বিতীয় সপ্তাহে ক্যাম্প শুরুর করবে বাফুফে।








