আগের মতো চীনের ক্ষমতা নেই বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করা মন্তব্যের জবাব দিয়ে চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, চীনের অর্থনীতি মোটেও ভেঙে পড়েনি। চীনের অর্থনীতির অবস্থা অত্যন্ত ভালো। যদিও চীন সরাসরি মার্কিন প্রেসিডেন্টের নাম উল্লেখ করেনি।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, চীনের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, কয়েকদিন ধরেই চীনের (অর্থনীতি) ধসে যাচ্ছে বলে একাধিক তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে। কিন্তু বাস্তবটা হল যে চীনের অর্থনীতি ভেঙে পড়েনি। আমরা আত্মবিশ্বাসী এবং আর্থিক উন্নয়নের বিষয়ে আমরা নিশ্চিত।
উল্লেখ্য, জি-২০ সম্মেলনের পরে ভিয়েতনাম সফরে যান মার্কিন প্রেসিডেন্ট। হ্যানয়ে সাংবাদিক বৈঠকের সময় তিনি বলেন, চীন এবং আমেরিকার মধ্যে সম্পর্ক ঠিক করার বিষয়ে আমি অত্যন্ত আন্তরিক। তবে আমার মনে হয় না যে তাইওয়ানে আক্রমণ চালাবে চীন। আগে যেমন চীনের ক্ষমতা ছিল, এখন সেরকম নেই।







