বিসিএল দ্বাদশ আসরে ফাইনালের দৌড়ে টিকে ছিল সাউথ জোন। তবে নিজেদের শেষ ম্যাচে ইস্ট জোনের বিপক্ষে ব্যাটিং বিপর্যয় দেখেছে মেহেদী হাসান মিরাজের দল। স্বল্প পুঁজি পেলেও সৌম্য সরকারের দাপুটে বোলিংয়ে লড়াই করেছিল দলটি। টাইগার অলরাউন্ডার ৪ উইকেট নিলেও ১ উইকেটে জয় তুলে নিয়েছে ইস্ট জোন। তাতে গ্রুপের তলানিতে পড়ে আসর শেষ করতে হয়েছে সাউথ জোনের। আর প্রথম দুই ম্যাচে হেরে আগেই বাদ পড়া ইস্ট জোন পেয়েছে সান্ত্বনার জয়।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টসে জিতে হেরে আগে ব্যাটে নামে সাউথ জোন। ৪৩.২ ওভারে ১৮০ রানে গুটিয়ে যায় সাউথ জোন। জবাবে নেমে ৪৭.৩ ওভারে ১ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ইয়াসির আলি চৌধুরী রাব্বির দল।
সাউথ জোনের হয়ে ফিফটি করেন আনিসুল ইসলাম। ৫৩ বলে ৫০ রান করেন এই ব্যাটার। ৩৪ বলে ৩১ রান করেন রবিউল হক, ৩৪ বলে ২৮ রান করেন শহিদুল ইসলাম। এছাড়া আফিফ হোসেন ২৪ রান এবং আজিজুল হাকিম তামিম ১৫ রান করেন।
ইস্ট জোনের হয়ে হাসান মাহমুদ ও নাঈম হাসান তিনটি করে উইকেট নেন। নাসুম আহমেদ নেন দুই উইকেট।
জবাবে নেমে ৬২ বলে ৪২ রান করেন শাহাদাত হোসেন দীপু। ৪৫ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেন হাসান মাহমুদ। ৪৯ বলে ২৯ রান করেন মুমিনুল হক। এছাড়া নাঈম হাসান করেন ২৭ বলে ২০ রান।
সাউথ জোনের হয়ে সৌম্য সরকার ৯ ওভারে ৩২ রানে ৪ উইকেট নেন। মেহেদী হাসান মিরাজ নেন ২ উইকেট।








